শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮ শাওয়াল, ১৪৪৭ হিজরি

জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের নতুন ছাড় পেল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা থেকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতেই এই ছাড় দেওয়া হয়েছে।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানিয়েছে, ১১ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই ছাড়ের মেয়াদ আগামী ৯ জুন পর্যন্ত বহাল থাকবে। গত ১১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ সিদ্ধান্তের কথা জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর।

এর আগে গত ১২ মার্চ মার্কিন ট্রেজারি বিভাগ রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য-সংক্রান্ত লেনদেনে ৩০ দিনের ছাড় দিয়েছিল, যার মেয়াদ শেষ হয় ১১ এপ্রিল। তবে সেই ছাড় কেবল ১২ মার্চ বা তার আগে জাহাজে তোলা কার্গোর জন্য প্রযোজ্য ছিল। ফলে বাংলাদেশের জন্য কোনো বাস্তব সুফল আসেনি, কারণ সে সময় রাশিয়া থেকে কোনো তেলবাহী জাহাজ বাংলাদেশের পথে ছিল না।

বাংলাদেশ জ্বালানি বিভাগ গত ৩০ মার্চ মার্কিন সরকারকে পাঠানো এক চিঠিতে সীমিত সময়ের জন্য ছাড় চেয়েছিল। চিঠিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যের প্রথাগত উৎসগুলো থেকে সংগ্রহের চ্যালেঞ্জ তুলে ধরা হয়। একই সঙ্গে উল্লেখ করা হয়, দ্রুত সরবরাহের সক্ষমতার কারণে রাশিয়া এখন একটি নির্ভরযোগ্য বিকল্প সরবরাহকারী হিসেবে সামনে এসেছে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক দফা উচ্চপর্যায়ের আলোচনার পর এই ছাড় অনুমোদিত হয়। ১৮ মার্চ এক ভার্চুয়াল বৈঠকে মার্কিন ট্রেজারি বিভাগ, মার্কিন পররাষ্ট্র দপ্তর, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস, ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস এবং জ্বালানি বিভাগের প্রতিনিধিরা অংশ নেন। এর পর ২০ মার্চ বিপিসি আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে চিঠি দেয়।