শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯ শাওয়াল, ১৪৪৭ হিজরি

সংরক্ষিত নারী আসনে সাক্ষাৎকার কার্যক্রম শুরু করেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কার্যক্রম শুরু করেছে বিএনপি।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর গুলশানে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার শুরু হয়। মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রথম দিনে রংপুর, রাজশাহী, বরিশাল, ফরিদপুর ও খুলনা বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হচ্ছে। আগামীকাল চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, রংপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার শেষে রাজশাহী বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হচ্ছে।

সাক্ষাৎকার শুরুর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংসদে কথা বলার যোগ্যতা রয়েছে – এমন প্রার্থীদেরই মূল্যায়ন করা হবে।

তিনি আশা প্রকাশ করেন, দলের স্থায়ী কমিটি ও মনোনয়ন বোর্ড যোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করবে।

সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের জন্য ১০২৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। প্রতিটি ফরমের মূল্য ২০০০ টাকা এবং জমা দেয়ার সময় ৫০ হাজার টাকা জামানত নেয়া হয়েছে।

গত ৮ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল, আপিল করা যাবে ২৬ এপ্রিল এবং নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ হবে ৩০ এপ্রিল। আগামী ১২ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত রয়েছে ৫০টি আসন। এর মধ্যে বিএনপি জোটের জন্য ৩৬টি, জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্রদের জন্য একটি আসন নির্ধারিত।