শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯ শাওয়াল, ১৪৪৭ হিজরি

টঙ্গীতে ফ্যাসিস্ট হাসিনার দোসর জার্মান বাদল গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে বহুল সমালোচিত ফ্যাসিস্ট হাসিনার দোসর আওয়ামীলীগ নেতা শেখ বাদল আহমেদ ওরফে জার্মান বাদলকে (৫৫) গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। তিনি জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার রাতে টঙ্গী পূর্ব থানায় এ ঘটনা ঘটে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান।

জানা গেছে, জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জুলাই আন্দোলনের বিরুদ্ধে অন্যতম অর্থ যোগানদাতা শেখ বাদল আহমেদ গোপনে বৃহস্পতিবার রাতে স্বপরিবারে টঙ্গীস্থ গাজীপুর অপরাধ দক্ষিণ বিভাগের উপ -পুলিশ কমিশনারের কার্যালয়ে আসেন ।
এদিকে খবর পেয়ে এনসিপির নেতাকর্মীরা থানার প্রধান ফটকের বাইরে জড়ো হয়ে তাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। তারা ‘থানায় থানায় লীগ ঘুরে, প্রশাসন কী করে’ এবং ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেন। পরবর্তীতে এনসিপি নেতাদের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ শেখ বাদল আহমেদকে গ্রেফতার করে।
গ্রেফতার করলেও রাতে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি পুলিশ।

শুক্রবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ জানান, বাদল আহমেদকে গ্রেফতার দেখানো হয়েছে এবং শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে টঙ্গী পূর্ব থানা এনসিপির আহ্বায়ক পদপ্রার্থী মঈন আহমেদ জানান, বাদল আহমেদের বিরুদ্ধে বাগেরহাট ও রাজশাহীতে বৈষম্যবিরোধী চারটি মামলা রয়েছে। তিনি আওয়ামী লীগের অর্থ জোগানদাতা হিসেবে পরিচিত এবং বিগত সরকারবিরোধী আন্দোলনের সময় দমন-পীড়নে উস্কানি দিয়েছেন বলেও দাবি করেন তিনি। এছাড়াও তিনি নিজে বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় অভিযোগ দিয়েছেন বলেও জানান।

এব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, থানায় আইনগত ব্যবস্থা শেষে শুক্রবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।