পূবাইল (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন হায়দরাবাদ দিলারটেক এলাকায় অভিযান চালিয়ে মানব পাচার মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পূবাইল থানা পুলিশ। এ সময় অপহরণের পর আটকে রাখা তিন বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে।
শনিবার রাত ১০টার দিকে হায়দরাবাদ দিলারটেক মসজিদ মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—চাঁদপুর জেলার কচুয়া থানার কাঠাদিয়া এলাকার সিরাজের ছেলে শহিদ (৪৬) ও তার স্ত্রী শিল্পি আক্তার (৪৫)। তারা গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডের দিলারটেক এলাকায় মিছির আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, টঙ্গী পূর্ব থানাধীন আমতলী এলাকার বাসিন্দা মো. জয় ও তার স্ত্রী জাহানারা আক্তার মুন্নী সন্তানদের নিয়ে বসবাস করতেন। প্রায় দুই মাস আগে মাদক মামলায় গ্রেপ্তার হয়ে জয় ও তার স্ত্রী কারাগারে থাকায় তাদের তিন বছর বয়সী ছেলে বায়েজিদকে প্রতিবেশীরা দেখাশোনা করতেন।
গত ১৬ আগস্ট দুপুর ১২টার দিকে আমতলী এলাকার ভাড়াবাসার সামনে থেকে শিশু বায়েজিদ নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরবর্তীতে শনিবার রাতে বাড়িওয়ালার নাতি মো. রাব্বির মাধ্যমে খবর পাওয়া যায়, শিশুটিকে পূবাইল থানাধীন হায়দরাবাদ দিলারটেক এলাকার শহিদের ভাড়া বাসায় আটকে রাখা হয়েছে। খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং শহিদ ও তার স্ত্রী শিল্পি আক্তারকে গ্রেপ্তার করে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সুমি আরজু (৩৫) শিশুটির অসহায়ত্বের সুযোগ নিয়ে অসৎ উদ্দেশ্যে তাকে নিয়ে যায়। পরে নিপীড়ন ও ভিক্ষাবৃত্তিতে ব্যবহারের উদ্দেশ্যে শিশুটিকে শহিদ ও শিল্পি আক্তারের কাছে আটকে রাখে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় পূবাইল থানায় মানব পাচার আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।