রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১ জিলকদ, ১৪৪৭ হিজরি

মোহাম্মদপুরে আসাদুল হত্যায় ৬ আসামির চার দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন সাদেক খান ইটখোলা এলাকায় আসাদুল ইসলাম ওরফে লম্বু আসাদুল হত্যাকাণ্ডে গ্রেপ্তার ছয় আসামির প্রত্যেককে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আজ শনিবার বিকেলে শুনানি শেষে এ আদেশ দেয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আক্কেল আলী জানান, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সরাসরি জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন, আকতার হোসেন (৪৫), মো: মুন্না (২৪), মিরাজ ফকির (২২) ও নয়ন ওরফে খোকন (২৪)। পরবর্তীকালে র‍্যাব-২-এর অভিযানে গ্রেপ্তার হন আসাদুল ইসলাম ও মো: শাওন।

এছাড়া এদিন মামলার এজাহারভুক্ত আরেক আসামি মিঠুকেও গ্রেপ্তার করেছে র‍্যাব।

উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে পূর্বপরিচিতদের ডেকে আনা কৌশলে ছুরিকাঘাতে হত্যা করা হয় লম্বু আসাদুলকে। ঘটনার পর থেকেই পুলিশ ও র‍্যাব আসামিদের গ্রেপ্তারে তৎপরতা চালিয়ে যাচ্ছে।