ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় শনিবার বিকেলে হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার পত্তন ইউনিয়নের ওপর দিয়ে যাওয়া এই ঝড়ে দুটি বসতঘর ও চারটি দোকান লণ্ডভণ্ড হয়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পত্তন ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য মো. নূর ইসলাম ঝড়ের ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার বিকেলে হঠাৎ আকাশ কালো হয়ে প্রচণ্ড বেগে ঝড় শুরু হয়।
ঝড়ের তীব্রতায় পত্তন ইউনিয়নের মনিপুর বাজারের চারটি দোকান মুহূর্তের মধ্যে দুমড়ে-মুচড়ে যায়। এ ছাড়া বড় পুকুর পাড় ও লক্ষ্মীমোড়া এলাকায় দুটি বসতঘর লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ের কারণে ইউনিয়নের বিভিন্ন স্থানে বেশ কিছু গাছপালা ভেঙে পড়েছে।
বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাকিনা আক্তার জানান, ঝড়ে ক্ষয়ক্ষতি হওয়ার খবর পেয়েছেন।
ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে। সরেজমিনে তদন্ত সাপেক্ষে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে।