সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২ জিলকদ, ১৪৪৭ হিজরি

চাঁদপুরে নদীতে গোসলে নেমে ২ শিশু নিখোঁজ, একজনের লাশ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মমিনপুর গ্রামের দক্ষিণ মিজি বাড়ি সংলগ্ন ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় শাহাদাত (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হলেও মাহমুদ (৭) নামের অপর শিশু এখনও নিখোঁজ রয়েছে।

রোববার দুপুর আনুমানিক দেড়টার দিকে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়।

উদ্ধার হওয়া মৃত শিশু শাহাদাত মমিনপুর গ্রামের মো. আলী হাওলাদারের ছেলে এবং নিখোঁজ মাহমুদ একই গ্রামের মো. মাইনুদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, একসঙ্গে কয়েকজন শিশু নদীতে গোসল করতে নেমেছিল। তবে কিছুক্ষণ পর শাহাদাত ও মাহমুদকে আর খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজের প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটি দল চাঁদপুর থেকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে তারা শাহাদাতকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, নিখোঁজ মাহমুদকে উদ্ধারে ফায়ার সার্ভিস এবং তাদের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালিয়ে সন্ধ্যার পূর্বে উদ্ধার কার্যক্রম স্থগিত করে।

চাঁদপুর ফায়ার সার্ভিস সদর স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ জানান, নিখোঁজ শিশুটিকে খুঁজে পেতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।