নিজস্ব প্রতিবেদক : রাজধানীর জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমেদ হোসেন (৫০) বিদেশি নম্বর থেকে টেন্ডার সংক্রান্ত হুমকির পর বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো: মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বেশ কিছুদিন ধরে একটি চক্র বিদেশি নম্বর ব্যবহার করে টেন্ডার দেয়ার জন্য ডা. হোসেনকে হুমকি দিয়ে আসছিল। আজ ডিউটি শেষে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের গলিতে দুই যুবক তাকে পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
পরিদর্শক মেহেদী হাসান আরো জানান, ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়েছেন এবং আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।