মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩ জিলকদ, ১৪৪৭ হিজরি

সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সদস্য অস্ত্রসহ গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. আব্দুস সামাদ মোল্লাকে (৩৫) অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুন্দরবনের কুখ্যাত দস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সুন্দরবন হতে বাগেরহাটের রামপাল উপজেলার শুকদারা বাজার সংলগ্ন এলাকায় পরিবারের সঙ্গে সাক্ষাতের জন্য আসে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ২০ এপ্রিল রাত ১০টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সুন্দরবনের কুখ্যাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. আব্দুস সামাদ মোল্লাকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে আটক দস্যু সামাদের দেওয়া তথ্যের ভিত্তিতে, সোমবার (২০ এপ্রিল) দিবাদত মধ্যরাত ২টায় সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকা থেকে ১টি একনলা বন্দুক, ১টি এয়ার গান ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেফতার ডাকাত মো. আব্দুস সামাদ মোল্লা (৩৫) বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে দস্যুতা করে আসছিল।

চলমান ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ এর আওতায় অভিযান পরিচালনা করে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।