ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে পেট্রল নিয়ে ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাঁচমাইল এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-ঝিনাইদহ সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে আরিফ হোসেন (১৭) ও একই গ্রামের শিপন আহমেদের ছেলে সোহান আহমেদ (১৭)। তারা দুজনে বন্ধু ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় আরিফ ও সোহান মোটরসাইকেলে করে শহরের একটি ফিলিং স্টেশন থেকে পেট্রল নিয়ে বাড়িতে ফিরছিল। পথে পাঁচমাইল এলাকায় পৌঁছালে দ্রুতগামী মোটরসাইকেলটি একটি মাহিন্দ্রার সঙ্গে ধাক্কা খেয়ে মহাসড়কে ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোহানুর রহমান বলেন, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি মাহিন্দ্রার সঙ্গে ধাক্কা লাগে পরে ট্রাকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।’