নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুট হওয়া চারটি টিয়ার গ্যাস গ্রেনেড উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। শনিবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১১টার দিকে কামরাঙ্গীরচর থানাধীন নয়াগাঁও মুড়ি ফ্যাক্টরি-সংলগ্ন বুড়িগঙ্গার চরের পাশে জঙ্গলে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় চারটি অবিস্ফোরিত টিয়ার গ্যাস গ্রেনেড উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গ্রেনেডগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর সময় দেশের বিভিন্ন থানায় হামলা চালিয়ে দুষ্কৃতকারীরা অস্ত্র ও গোলাবারুদ লুট করে। পরে এসব অস্ত্র বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা তৈরি হয়। ওই প্রেক্ষাপটে লুট হওয়া অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ অভিযান অব্যাহত রেখেছে।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে র্যাব নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল ব্যবহার করে যেকোনো নাশকতামূলক তৎপরতা কঠোরভাবে দমন করা হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এবং জননিরাপত্তা নিশ্চিত করতে র্যাব ভবিষ্যতেও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।