খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড়ে পৃথক ঘটনায় ২ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার নাকাপার চাষী নগর এলাকায় রোববার রাত ১২ টার পর ঢাকাগামী শান্তি পরিবহনের থেমে থাকা বাসের চাকা মেরামতের সময় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি দ্রুতগতির বাসের ধাক্কায় ঘটনাস্থলে একজনের মৃত্যুসহ আরো দুই জন আহত হয়েছেন।
নিহতের নাম শাহ আলম (৩৬) তিনি খাগড়াছড়ি সদর শান্তি নগর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিলেন তিনি। আহতরা হলেন-জুনায়েদ (২৫) ও রুবেল কর্মকার (৩৯) তাদের দুইজনকে রাতেই রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অপরদিকে সোমবার ভোরে জালিয়াপাড়া-রামগড় সড়কের নাকাপা বাজারের যাত্রী ছাউনীর সামনে রব শেখ নামে আরো এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নাকাপা পুলিশ ফাঁড়ির ইন-চার্জ সহকারী উপ-পরিদর্শক মো. কাউছার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় তথ্যমতে, পুলিশ খবর পেয়ে মরদেহ দুইটি উদ্ধার করেছে। নাকাপা যাত্রী ছাউনির সামনে পড়ে থাকা ব্যক্তির ব্যাগে থাকা ড্রাইভিং লাইসেন্স তথ্য মতে তার নাম রব শেখ বাড়ি পাবনা। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি শ্যামলি পরিবহনের ড্রাইভার। দুর্ঘটনার পর পালানোর সময় স্টোকে তার মৃত্যু হয়।
রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির আলম জানান, রাতে দুর্ঘটনাকবলিত শ্যামলী পরিবহন-ঢাকা মেট্রো-ব, ১৫-১১৭৮ ও শান্তি পরিবহন- ঢাকা মেট্রো-হ, ১৪-২৪২৩ নম্বরের গাড়ি দুইটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ঘটনার সাথে জড়িত ড্রাইভার ও হেলপারদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।