সোমবার, ২৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রামগড়ে শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা, আসামিকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড়ে এক মাদ্রাসাছাত্রীকে (১৩) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক চা দোকানির বিরুদ্ধে। এই ঘটনায় শনিবার সন্ধ্যায় উপজেলার নাকাপা এলাকা থেকে ওমর আলী (৪০) নামের ওই অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এর আগে তাঁর বিরুদ্ধে রামগড় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।গ্রেপ্তার ওমর আলী ওই কিশোরীর এক সহপাঠিনীর (ক্লাসমেট) বাবা বলে জানা গেছে।

পুলিশ ও ভুক্তভোগী কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে উপজেলার পাতাছড়া ইউনিয়নের নানারবাড়ির রান্নাঘরে একা কাজ করছিল ওই কিশোরী। এ সময় জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে ওমর আলী রান্নাঘরে ঢুকে তাকে প্রথমে কুপ্রস্তাব দেয়। কিশোরীটি তা প্রত্যাখ্যান করলে ওমর আলী তাকে জড়িয়ে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় এবং টেনেহেঁচড়ে তার পোশাক ছিঁড়ে ফেলে। কিশোরীর চিৎকার করলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ভুক্তভোগীর এক আত্মীয় জানান, ঘটনার সময় কিশোরীর নানি পার্শ্ববর্তী একটি জলাশয়ে মাছ ধরছিলেন এবং পরিবারের অন্য সদস্যরা রামগড়ে এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এই সুযোগে ওমর আলী একা পেয়ে এই ঘটনা ঘটায়। ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই সে আত্মগোপনে ছিল। পরে শুক্রবার রাত ১১টার দিকে কিশোরীর মামা বাদী হয়ে রামগড় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটলেও ভুক্তভোগীর পরিবার রাত ১২টার দিকে থানায় এসে লিখিত অভিযোগ দেয়। শনিবার বিকেলে অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে।

ওসি আরও জানান, শনিবার সন্ধ্যার পর স্থানীয় গ্রামবাসী নাকাপা এলাকা থেকে আসামি ওমর আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”