বুধবার, ৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২২ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কুমিল্লায় বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১০

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার মনোহরগঞ্জে সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) ভোরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা কামাল (৬০) নোয়াখালী জেলার কাচিহাটা গ্রমের বাসিন্দা।

লালমাই হাইওয়ে ক্রসিং থানার ওসি ওসমান গনি জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী নীলাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপুলাসার এলাকায় সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরো ১০ জন যাত্রী। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠান।

তিনি আরো জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।