শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

৬ বছর দাবি না করলে সঞ্চয়পত্রের আসল টাকা ও মুনাফা তামাদি হবে

অর্থনীতি ডেস্ক : সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার পর ছয় বছরের মধ্যে আসল টাকা বা মুনাফা দাবি না করলে তা তামাদি (Time-barred) হিসেবে গণ্য হবে। এ ক্ষেত্রে ওই অর্থ পরিশোধে সরকারের আর কোনো দায় থাকবে না।
সরকারি ঋণ আইন, ২০২২-এর বিধান বাস্তবায়নে এ বিষয়ে স্পষ্টীকরণমূলক নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

এর আগে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এক পরিপত্রে জানায়, সরকারি ঋণ আইন, ২০২২-এর ধারা ৩৩ ও ৩৬ অনুযায়ী সঞ্চয়পত্রের আসল অর্থ ও মুনাফার দাবির ক্ষেত্রে তামাদি-সংক্রান্ত বিধান প্রযোজ্য হবে।

মাঠপর্যায়ে এ বিষয়ে বিভ্রান্তি থাকায় বাংলাদেশ ব্যাংক নতুন করে বিষয়টি স্পষ্ট করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো ব্যক্তি বা তার পরিবারের সদস্যের নামে থাকা সঞ্চয়পত্রের আসল অর্থ মেয়াদপূর্তির তারিখ থেকে পরবর্তী ছয় বছরের মধ্যে দাবি করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি করা না হলে ওই অর্থের ওপর সরকারের দায় তামাদি হয়ে যাবে।

একইভাবে, সঞ্চয়পত্রের মাসিক মুনাফা কিংবা মেয়াদ শেষে এককালীন মুনাফার অর্থও পাওনা হওয়ার তারিখ থেকে ছয় বছরের মধ্যে উত্তোলন করতে হবে। এই সময়সীমা অতিক্রম করলে ওই অর্থের ক্ষেত্রেও সরকারের দায় তামাদি হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, সরকারি ঋণ আইন, ২০২২-এর ধারা ৩৩ অনুযায়ী কোনো পাওনা অর্থের জন্য পৃথক সময়সীমা নির্ধারিত না থাকলে, অর্থ পাওনা হওয়ার তারিখ থেকে ছয় বছর অতিবাহিত হলে সেটিও তামাদি হিসেবে বিবেচিত হবে।

এ নির্দেশনা কার্যকর করতে সঞ্চয়পত্র বিক্রয়কারী সব প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।