রবিবার, ১২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দীঘিনালায় বন্যার্ত মানুষের মাঝে ৭ বিজিবির মানবিক সহায়তা

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালায় বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
বৃহস্পতিবার বিকালে উপজেলার বেতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজের উপস্থিতিতে শতাধিক বন্যার্ত মানুষের মাঝে শুকনো খাবার, প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ এবং চিকিৎসাসেবা দেওয়া হয়।
এ সময় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আব্দুল্লাহ আল মামুন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত শিশু, নারী, পুরুষ ও বৃদ্ধদের স্বাস্থ্য পরীক্ষা করেন। বন্যার কারণে দেখা দেওয়া বিভিন্ন পানিবাহিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্তদের প্রয়োজনীয় ওষুধ প্রদান এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেন।
ত্রাণ ও চিকিৎসাসেবা পেয়ে বাসিন্দারা, “বাড়িতে বন্যার পানি উঠে যাওয়ায় পরিবার নিয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছি। বিজিবি আমাদের খাবার ও চিকিৎসার ব্যবস্থা করেছে। এতে আমরা অনেক উপকৃত হয়েছি।
আরেক বাসিন্দা মো. রমজান আলি বলেন, বন্যার কারণে আমরা চরম দুর্ভোগে আছি। এই সময়ে বিজিবি আমাদের পাশে দাঁড়িয়েছে। তাদের এমন মানবিক সহায়তা আমাদের অনেক স্বস্তি দিয়েছে।
বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজ বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিজিবির দায়িত্ব ও মানবিক অঙ্গীকারের অংশ। বন্যার্ত মানুষের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের সহযোগিতা চলমান থাকবে।