শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২ সফর, ১৪৪৮ হিজরি

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ কোম্পানির ৩ খাদ্যপণ্য বাজার থেকে সরানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি কোম্পানির তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। একইসঙ্গে এসব পণ্যের উৎপাদন ও বিপণন বন্ধ রাখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএফএসএ জানায়, পরীক্ষায় নির্ধারিত মাত্রার চেয়ে বেশি প্রিজারভেটিভ পাওয়া যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ইস্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডকে তাদের ‘ইষ্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’, ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডকে ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ এবং আরবোটিং ফুড কোম্পানি লিমিটেডকে ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ বাজার থেকে প্রত্যাহার করতে হবে।

বিএফএসএ জানিয়েছে, শুধু বাজার থেকে পণ্য তুলে নেওয়াই নয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব খাদ্যপণ্যের বিপণনও বন্ধ রাখতে হবে। একইসঙ্গে ভোক্তাদের এসব পণ্য ক্রয় বা গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এর আগে গত ৩ জুলাই অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ইস্ট বেকারিকে দুই লাখ টাকা জরিমানা করে।

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও পরীক্ষার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।