শাহানাজ পাটোয়ারি, গাজীপুর : গাজীপুরে পোষা প্রাণীদের আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বেসরকারি উদ্যোগে যাত্রা শুরু করেছে ‘অ্যাপোলো পেট ক্লিনিক’। শনিবার সকালে জেলা শহরের হাক্কানী সোসাইটির আবেদ প্লাজায় স্থাপিত ক্লিনিকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাপোলো পেট ক্লিনিক ও মিরার এগ্রো লিমিটেডের চেয়ারম্যান মো. রহুল আমিন সরকার।
তিনি বলেন, পোষা প্রাণীর সঠিক চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি ক্লিনিক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকদের মাধ্যমে এখানে উন্নত চিকিৎসাসেবা প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, নগরায়ণের সঙ্গে সঙ্গে পোষা প্রাণী পালনের প্রবণতা বাড়ছে। তাই তাদের জন্য আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করা সময়ের দাবি। এ ধরনের উদ্যোগ প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং প্রাণিপ্রেমীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্জারি ও রেডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আতাউর রহমান। এছাড়া বক্তব্য রাখেন এনটিভির সিনিয়র স্টাফ রিপোর্টার নাসির আহমেদ, গাজীপুর বিএম কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, গাজীপুর সিটি কর্পোরেশনের অবসরপ্রাপ্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমান এবং মিরার এগ্রো লিমিটেডের জেনারেল ম্যানেজার কাজী মো. মাহফুজুল হক হীরক।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্টজন, প্রাণিপ্রেমী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, অ্যাপোলো পেট ক্লিনিকের মাধ্যমে গাজীপুরে পোষা প্রাণীদের জন্য আধুনিক, নির্ভরযোগ্য ও সহজলভ্য চিকিৎসাসেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে।