মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২০ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২০ সফর, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়ির রামগড়ে  পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুড়  আটক

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের  অভিযোগে দেলোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 
সোমবার বিকেলে ভুক্তভোগী নারী নিজে রামগড় থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। 
পুলিশ ও ভিকটিমের পারিবারিক সূত্রে জানা গেছে, অভিযুক্ত দেলোয়ার হোসেন  উপজেলার পাতাছড়ার থলিবাড়ি এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক। তার পুত্রের সাথে প্রায় ১৬ মাস আগে ভিকটিমের বিয়ে হয়। তার স্বামী চট্টগ্রামে একটি কোম্পানিতে ড্রাইভারের চাকরি করেন। তাই চট্টগ্রামেই থাকেন তিনি।  স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে দেলোয়ার পুত্রবধূকে বিভিন্ন সময়ে একাধিকবার ধর্ষণ করে।  সামাজিক লজ্জা, পারিবারিক চাপ এবং সংসার ভেঙে যাওয়ার আশঙ্কায় তিনি এতদিন ঘটনা প্রকাশ করেননি। সর্বশেষ গত রবিবার রাতে পুনরায়  শ্বশুড় দেলোয়ার জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েন ভুক্তভোগী। পরে সিদ্ধান্ত নিয়ে সোমবার  বিকালে রামগড় থানায় হাজির হয়ে শ্বশুর দেলোয়ারের বিরুদ্ধে ধর্ষণের  লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ পাওয়ার পরই  পুলিশ অভিযান চালিয়ে দেলোয়ারকে আটক করে।
জানা যায়, দেলোয়ারের দুই স্ত্রী রয়েছে। দুই সংসারে ছয়জন ছেলে-মেয়ে আছে।
রামগড় থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ নাজির আলম  বলেন,  পুত্রবধূর অভিযোগ পাওয়ার সাথে সাথেই অভিযান চালিয়ে দেলোয়ার হোসেনকে আটক করা হয়।  ভিকটিম নিজেই বাদি হয়ে এজাহার দাখিল করেছেন। এখন মামলা রুজু প্রক্রিয়াধীন। ‘