শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩ সফর, ১৪৪৮ হিজরি

‘সালমানের সঙ্গে বেশি দিন থাকলে ওর দেহরক্ষীই হয়ে যেতাম’

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা প্রদীপ রাওয়াত ক্যানসারে মারা গেছেন। দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। মাঝে খানিক সুস্থ হলেও আবার ফিরে এসেছিল ক্যানসার। মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ অভিনেতা।

চার দশকেরও বেশি অভিনয়জীবনে তিনি একাধিক ভাষার সিনেমা ও ছোটপর্দার ধারাবাহিকে কাজ করেছেন। হিন্দি, তামিল ও তেলেগুর পাশাপাশি কন্নড়, মালায়ালাম, ভোজপুরিসহ বাংলা সিনেমাতেও কাজ করেছেন এ অভিনেতা। ২০১৬ সালে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত ‘হিরো ৪২০’ নামে একটি বাংলা সিনেমাতেও অভিনয় করেন প্রদীপ রাওয়াত।

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান, সালমান খানসহ বহু তারকার সঙ্গে পর্দা শেয়ার করে নিয়েছেন প্রদীপ রাওয়াত। ‘সরফরোশ’, ‘লগান’ ও ‘গজনী’র মতো সিনেমায় অভিনয় করে নিজেকে বিশেষভাবে পরিচিত করেছিলেন তিনি।

সম্প্রতি পুরোনো এক সাক্ষাৎকারে বলি ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের সঙ্গে কাটানো সময়ের স্মৃতি শেয়ার করেন তিনি। ভাইজানের সঙ্গে বন্ধুত্ব ছিল তার। ১৯৯০ সালে ‘বাগী’ সিনেমার শুটিংয়ের সময় থেকেই তাদের বন্ধুত্বের শুরু।

সেই সময় প্রদীপ রাওয়াত বলেছিলেন, ‘সালমানের শারীরচর্চার খুব শখ ছিল। আমারও ছিল। টানা চার থেকে ছয় মাস এমন একটা সময় গেছে, যখন সালমান আমাকে বাড়ি ফিরতেই দিত না। ওর বাড়িতেই খেতাম, ঘুমাতাম, শারীরচর্চা করতাম। জামাকাপড় বদলাতাম, স্নান করতাম। তারপর সেখান থেকেই কাজে বেরিয়ে যেতাম।’

তিনি আরও বলেন, ‘সালমান অনেক পার্টিতে যেত। সে ধরনের পার্টিতে যাওয়ার মতো স্যুট আমার ছিল না। বড় কোনো অনুষ্ঠানে যেতে হলে আমার জন্য স্যুট ভাড়া করা হতো।’ তবে পরে নিজেই সালমানের কাছ থেকে দূরে সরে আসার সিদ্ধান্ত নেন তিনি। প্রদীপ রাওয়াতের মনে হয়েছিল, ওই জীবনযাত্রায় তিনি অতিরিক্ত স্বচ্ছন্দ হয়ে পড়ছেন। নিজের ক্যারিয়ার গড়তে হলে আলাদা পথেই হাঁটতে হবে।

প্রদীপ রাওয়াত বলেন, ‘অনেক দিন সালমানের সঙ্গে দেখা করিনি। আমার মনে হয়েছিল, যদি ওর সঙ্গে এভাবে থেকে যাই, তাহলে ওর দেহরক্ষীতে পরিণত হব। নিজেকে বলেছিলাম— এই আরামদায়ক জীবন ছেড়ে বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, আরামদায়ক বলতে, সংগ্রামের সময়ে যদি খাওয়া, থাকার জায়গা আর সঙ্গে থাকার মানুষ সবই পেয়ে যাও, তারচেয়ে বেশি আর কী চাই? কিন্তু এতে আমার নিজের কোনো লক্ষ্য পূরণ হচ্ছিল না। তাই বুঝেছিলাম, এভাবে বেশি দিন থাকা চলবে না।