বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯ সফর, ১৪৪৮ হিজরি

টঙ্গীতে পৃথক অভিযানে সিএনজি অটোরিকশা ও ধারালো অস্ত্রসহ চার ছিনতাইকারী গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে গ্র্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে হোসেন মার্কেট লেদুমোল্লা রোড ও গাজীপুরা বাঁশপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজি অটোরিকশা, একটি ধারালো চাপাতি, দুটি চাকু ও ছিনতাই করা নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে টঙ্গী হোসেন মার্কেট লেদুমোল্লা রোডে ছিনতাই হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব থানা পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী শামীম হোসেন বাবু ওরফে ‘বুক কাটা বাবু’কে (৩৭) গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে একটি চাপাতি ও ছিনতাই করা এক হাজার টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা ও ছিনতাইসহ মোট ১৫টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর গাজীপুরা বাঁশপট্টি এলাকায় অভিযান চালায় পুলিশের অপর একটি আভিযানিক দল। এ সময় সিএনজিযোগে ডাকাতির প্রস্তুতিকালে আব্দুল কুদ্দুস ওরফে সুজন ওরফে ইদ্রিস (৪৭), মিলন (৩৬) ও মো. মিলন (৩৫) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি ধারালো চাকু ও একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

এব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে তাদেরকে গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।