মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মহালছড়িতে প্রতারকচক্রের ৬ সদস্য আটক একজন পলাতক

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি মুসলিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে ফাঁদে ফেলে নারীদের স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া প্রতারকচক্রের ৬ সদস্যকে আটক করা হয়েছে।
রবিবার রাতে উপজেলা প্রশাসন, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফানুল হক চৌধুরী, মহালছড়ি থানা পুলিশ, স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, টাঙ্গাইল জেলার মুধুপুর থানার মোঃ আলাউদ্দিনের ছেলে মনু মিয়া, মাদারগঞ্জ থানা জামালপুর জেলার জহুরুল হক ও তার ছেলে বিজয় খান, জামালপুর সদরের খয়েল উদ্দিনের ছেলে শিপন আলী, জামাল মিয়ার ছেলে কাজল মিয়া, ময়মনসিং জেলা সদরের নুরুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা বিভিন্ন গ্রামে গিয়ে সাধারণ নারীদের কাছ থেকে পুরনো স্বর্ণালংকার পরিস্কার বা মেরামত করে দেওয়ার কথা বলে স্বর্ণ নিয়ে নিত। পরে অত্যন্ত দ্রুততার সঙ্গে কৌশলে আসল স্বর্ণের পরিবর্তে পিতল দিয়ে তৈরি নকল অলংকার ফেরত দিয়ে কৌশলে পালিয়ে যেতো।এতে অনেক সময় ভুক্তভোগীরা তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝতে পারতেন না।
এমনই একটি প্রতারণার ঘটনা ঘটানোর সময় স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি প্রশাসন ও পুলিশকে জানানো হয়। পরে যৌথভাবে অভিযান চালিয়ে চক্রটির ৬ সদস্যকে আটক করা হয়।
অভিযানে আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে তাদের চক্রে মোট ৭ জন সদস্য থাকার কথা স্বীকার করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, চক্রটি বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণা করে আসছিল। এ ঘটনায় এলাকায় স্বর্ণালংকার নিয়ে কাজ করা অপরিচিত ব্যক্তিদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে।