নিজস্ব প্রতিবেদক : সরকারের দায়িত্ব নেওয়ার পর ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী আরও উন্নতি করতে সময় লাগবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে পে-স্কেলসংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত মাত্র ছয় মাস পার হয়েছে।
এ সময়ে অনেক সংস্কারকাজ ও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়েছে।
তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী আরও উন্নতি করতে সময় লাগবে। আরও একটু সময় দেন, আমরা কাজ করছি।
সরকারের প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ড তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, এ সময়ে নেওয়া বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচির অগ্রগতি সংকলন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর প্রেস সেলের মাধ্যমে সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য গণমাধ্যমে প্রকাশ করা হবে।
জ্বালানি সংকট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে জ্বালানি তেল ও গ্যাসের সংকট তৈরি হলেও বাংলাদেশ তা মোকাবিলা করেছে। ভবিষ্যতে যাতে জ্বালানি সংকট না হয়, সে জন্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে।
তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশের পাশাপাশি বিদেশি বিনিয়োগও আহ্বান করা হচ্ছে। মাতারবাড়ীতে ল্যান্ডবেইজড এলএনজি টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি আরও একটি এফএসআরইউ স্থাপনের জন্য জায়গা নির্বাচন ও জরিপের কাজ চলছে।
দেশের গ্যাসের আমদানিনির্ভরতা কমানোর উদ্যোগের কথাও জানান তিনি। বলেন, দেশের অভ্যন্তরে গ্যাস অনুসন্ধান শুরু হয়েছে। স্থলভাগের পাশাপাশি সমুদ্রাঞ্চলেও অনুসন্ধান করা হচ্ছে। আগামী কয়েক বছরের মধ্যে দেশীয় গ্যাসসম্পদ দিয়ে সংকট অনেকটাই সমাধান করা সম্ভব হবে বলে আশা করেন তিনি।
সরকারের সামাজিক কর্মসূচির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর প্রথম মন্ত্রিসভা বৈঠকেই কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর বাইরে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও সরকারের পরিকল্পনা প্রায় বাস্তবায়িত হয়েছে।