মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ভাঙ্গায় মহাসড়কে পার্কিং নিয়ে কথা কাটাকাটি, পিস্তল বের করে যুবকের গুলি

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে প্রাইভেটকার পার্কিংকে কেন্দ্র করে এক যুবক সবার সামনে এলোপাতাড়ি গুলি ছুড়েছেন।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে মহাসড়কে এ ঘটনা ঘটে।
এ নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় তাড়াহুড়ো করে সরতে গিয়ে দুজন আহত হয়েছেন।

ঘটনার একটি ২৬ সেকেন্ডের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা হাসান আমিন জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকার হাইওয়ে থানার সামনে থামিয়ে এক তরুণ ও তরুণী চা পান করতে নামেন।

গাড়িটি সড়কের ওপর রাখা দেখে স্থানীয়রা চালককে কিছুটা সাইড করে পার্ক করার অনুরোধ জানান। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ওই যুবক গাড়ি থেকে পিস্তল বের করে জনসমক্ষে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়েন।
আকস্মিক বিকট শব্দে পথচারী ও স্থানীয়দের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়।

এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু জানান, বিষয়টি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানা যায়নি। তবে খবর নিয়ে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।