নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও ভুটানের মধ্যে চতুর্থ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক (এফওসি) মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং ভুটানের পক্ষে দেশটির পররাষ্ট্র সচিব পেমা লেকতুপ দর্জি যৌথভাবে সভাপতিত্ব করেন।
বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বহুপাক্ষিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।
বৈঠকে বাংলাদেশ ও ভুটান দীর্ঘদিনের বন্ধুত্ব, আস্থা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
দুই দেশ রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, পর্যটন, কৃষি এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে।
দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের রাজনৈতিক যোগাযোগ বৃদ্ধি এবং নিয়মিত পরামর্শ প্রক্রিয়া আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বিদ্যমান সদিচ্ছা ও রাজনৈতিক বোঝাপড়াকে দুই দেশের জনগণের জন্য কার্যকর ফলাফলে রূপান্তরের ওপর জোর দেওয়া হয়।
বৈঠকে সংস্কৃতি, পর্যটন, কৃষি, মানবসম্পদ উন্নয়ন, একাডেমিক সহযোগিতা, প্রাতিষ্ঠানিক যোগাযোগ, যুব বিনিময় এবং ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।
দুই দেশ দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং বেসরকারি খাতের সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে। এ সময় বাংলাদেশ-ভুটান অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) আওতায় পণ্যের পরিধি বাড়ানো এবং ভবিষ্যতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করার সম্ভাবনা অনুসন্ধানের বিষয়ে মতবিনিময় করা হয়।
বাংলাদেশ ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটি উদ্যোগের প্রতি সমর্থন ও আগ্রহ প্রকাশ করেছে। এ উদ্যোগ টেকসই উন্নয়ন, আঞ্চলিক যোগাযোগ ও অভিন্ন সমৃদ্ধি অর্জনে ভূমিকা রাখতে পারে বলে বাংলাদেশ মনে করে। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতার সুযোগ অনুসন্ধানের আগ্রহ জানানো হয়।
এ ছাড়া কুড়িগ্রামে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল দ্রুত চালুর কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়েও বাংলাদেশের পক্ষ থেকে আগ্রহ পুনর্ব্যক্ত করা হয়।
বৈঠকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) এবং বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) আওতায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়।
চতুর্থ এফওসি বৈঠকের ফলাফলে সন্তোষ প্রকাশ করে দুই দেশ বাংলাদেশ-ভুটান অংশীদারত্ব আরও গভীর ও পারস্পরিক কল্যাণমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। পরবর্তী এফওসি বৈঠক ভুটানের রাজধানী থিম্পুতে পারস্পরিক সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে।