খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়ায় বিজিবির বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ভোর রাতে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) এ অভিযান চালায়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে মোবাইল চেকপোস্ট স্থাপন করে। রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে পানছড়ির দিক থেকে দুই আরোহীসহ একটি মোটরসাইকেল চেকপোস্টের কাছে এলে থামার সংকেত দেয় বিজিবি। তবে টহল দলকে দেখে মোটরসাইকেলটি প্রথমে গতি কমালেও পরে দ্রুত ঘুরে তাইন্দংয়ের দিকে পালিয়ে যেতে শুরু করে।
পরে বিজিবির টহল দল মোটরসাইকেলটির পিছু নেয়। প্রায় দুই থেকে তিন কিলোমিটার ধাওয়া করার একপর্যায়ে মোটরসাইকেলটি মূল সড়ক ছেড়ে বিরাশিটিলার সড়কে ঢুকে পড়ে।

বিজিবির ভাষ্য অনুযায়ী, বৃষ্টি, কাদা, অন্ধকার ও সরু সড়কের কারণে টহল গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির কিছুটা দূরত্ব তৈরি হয়। এ সুযোগে আরোহীরা রাস্তার পাশের একটি কালভার্টের নিচে মোটরসাইকেলটি ফেলে পাহাড়ের দিকে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি উদ্ধার করে তল্লাশি চালান। এ সময় এর সিটের নিচ থেকে ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করা হয়।
বিজিবির যামিনী পাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ খালিদ ইবনে হোসেন জানায়,” উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা। এবারই প্রথম ক্রিস্টাল আইস মেথ মাদক উদ্ধার করা হয়েছে।সীমান্ত ও সীমান্তবর্তী এলাকায় মাদক ও অস্ত্র পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”