মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে দুই ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি : ‘নারী শিক্ষা উন্নত জাতি—এই প্রত্যয় আমাদের অগ্রযাত্রার শক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ বাড়াতে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে দুটি ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।
উদ্বোধন করা দুটি প্ল্যাটফর্মের একটি স্মার্ট শ্রেণি ব্যবস্থাপনায় সহায়তা করবে। অন্যটির মাধ্যমে শিক্ষার্থীদের লেখা, পরিচালনা ও শেখার প্রক্রিয়াকে প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ডিজিটাল প্ল্যাটফর্ম দুটির মাধ্যমে শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা আরও কার্যকর ও আধুনিক হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের আইসিটি-ভিত্তিক শিক্ষা উপকরণ ব্যবহারের সুযোগ বাড়বে। এতে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শেখার পরিবেশ আরও সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে কলেজের সহকারী অধ্যাপক মো. জহিরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।