ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার শাহ সৈয়দ আহমেদ গেছুদারাজ (র.) প্রকাশ খড়মপুর মাজার শরীফের টাকা গণণার কাজ সমাপ্ত হয়েছে। মাজারের বিভিন্ন দানবাক্স থেকে পাওয়া গেছে এক কোটি তিন লাখ ৬৫১ টাকা।
এছাড়া বিভিন্ন বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণ ও রূপা পাওয়া যায়।
আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া ও মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু এসব তথ্য নিশ্চিত করেছেন। ভক্তদের দেওয়া ওই টাকা সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা করার প্রক্রিয়া চলছে।
সংশ্লিষ্ট সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টা থেকে টাকা গণণার কাজ শুরু হয়।
শেষ হয় মঙ্গলবার ভোর চারটায়। ওই ১৯ ঘণ্টায় মোট ৪০ জন টাকা গণণার কাজ করেন। এসময় সরকারি কর্মকর্তাসহ মাজার কমিটির লোকজন উপস্থিত ছিলেন।
টাকাগুলোর মধ্যে রয়েছে এক হাজার টাকার নোট ৮৯৮টি, ৫০০ টাকার নোট ৩৩৫৮টি, ২০০ টাকার নোট ৪৯৯৫টি, ১০০ টাকার নোট ৩২ হাজার ১৪২টি, ৫০ টাকার নোট ৩৫ হাজার ৬৬টি, ২০ টাকার নোট ৫৯ হাজার ৬১৯টি, ১০ টাকার নোট ৫৪ হাজার ২১টি, পাঁচ টাকার নোট ৬৩৩৯টি ও দুই টাকার নোট ১৪৩৩টি।
শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (র.) প্রকাশ শাহপীর কল্লা শহীদ মাজারের সপ্তাহব্যাপি ওরস রবিবার শেষ হয়েছে। ১০ আগস্ট থেকে শুরু হয় ওরস। ১৪ আগস্ট রাতে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। তবে ওরস উপলক্ষে মেলা আরো অন্তত এক মাস থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ওরসকে কেন্দ্র করে প্রতিদিনই মাজারে হাজার হাজার ভক্তের সমাগম হয়।
নৌপথের পাশাপাশি সড়ক ও রেলপথে ছুটে আসেন ভক্তরা। ওরস চলাকালে বিশেষ করে ট্রেনগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এ ওরস হাজার বছরের ঐতিহ্য। এ বছর রেকর্ড সংখ্যক ভক্তের সমাগম ঘটে।