নিজস্ব প্রতিবেদক : সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। শনিবার দুপুর ১টা ২০ মিনিটে স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
শ্রদ্ধা নিবেদন করেন- মন্ত্রিসভার নতুন সদস্য ড. আবদুল মঈন খান, এম রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী, হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের অসামান্য অবদানের কথা স্মরণ করে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এর পর শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির উত্তরোত্তর কল্যাণ কামনায় বিশেষ দোয়ায় অংশ নেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।
এদিন সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি। পরে তাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়।
শুক্রবার রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করা হয়।‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর ৩(৪) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে এসব দপ্তর বণ্টন ও পুনর্বণ্টন করেন।
গেজেটের তথ্য অনুযায়ী, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আবদুল মঈন খান। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে সাচিং প্রু জেরী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আন্দালিভ রহমান পার্থকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত। পূর্বে এই পদে থাকা আফরোজা খানমকে খাদ্য মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রীদের মধ্যে টেকনোক্রেট কোটায় হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবং মোহাম্মদ শামীম কায়সারকে (লিংকন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।