রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চলচ্চিত্র উৎসবে ৫৮ গুণিজনকে সম্মাননা দিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

নিজস্ব প্রতিবেদক : দেশের চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বরেণ্য শিল্পী, নির্মাতা, কলাকুশলী ও সাংবাদিকসহ ৫৮ জনকে সম্মাননা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

শনিবার (২২ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে রাজধানীর মধুমিতা সিনেমা হলে চলচ্চিত্র উৎসব ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন গুণিজনদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এসময় জহির উদ্দিন স্বপন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালামের উদ্যোগের প্রশংসা করেন।
তিনি বলেন, সংস্কৃতি ও চলচ্চিত্রের প্রতি দায়িত্বশীল অভিভাবকের ভূমিকা পালন করছেন প্রশাসক। আগামী দিনেও নির্বাচিত কর্তৃপক্ষ হিসেবে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।

সম্মাননা পাওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন অভিনেত্রী সুজাতা, সুচন্দা, আনোয়ারা, ববিতা, নূতন, চম্পা ও শাবনাজ; অভিনেতা উজ্জ্বল, সোহেল রানা, আলমগীর, খাজা নাঈম মুরাদ, আজাদ রহমান শাকিল, ছটকু আহমেদ, দেলোয়ার জাহান ঝন্টু, মতিন রহমান, শফিকুল ইসলাম স্বপন, শওকত আলী ইমনসহ অনেকে।

এছাড়া চলচ্চিত্রের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রয়াত ও বরেণ্য শিল্পী-কলাকুশলীদের স্মরণেও সম্মাননা দেওয়া হয়।
তাদের মধ্যে ছিলেন আবদুল জব্বার খান, নাজির আহমেদ, খান আতাউর রহমান, জহির রায়হান, এহতেশাম, মুস্তাফিজ, আমজাদ হোসেন, আবদুল মতিন, সুভাষ দত্ত, খলিল উল্লাহ খান, নায়ক রাজ রাজ্জাক, রোজী আফসারী, দিলীপ বিশ্বাস, গাজী মাজহারুল আনোয়ার, আনোয়ার পারভেজ, খান জয়নুল, আজম খান, প্রবীর মিত্র, অ্যান্ড্রু কিশোর, আফজাল চৌধুরী, আলাউদ্দীন আলী, এম এ সামাদ, চাষী নজরুল ইসলাম ও বুলবুল আহমেদ।

চলচ্চিত্রের পাশাপাশি গীতিকার, সংগীতশিল্পী, সংগীত পরিচালক ও চিত্রগ্রাহকদেরও সম্মাননা দেওয়া হয়। তাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান, মনিরুজ্জামান মনির, খুরশীদ আলম, শেখ সাদী খান, আবিদা সুলতানা, রেজা লতিফ ও আওকাত হোসেন।

চলচ্চিত্র ও সংস্কৃতি সাংবাদিকতায় অবদানের জন্য চণ্ডী মুৎসুদ্দী, রফিকুজ্জামান, অনুপম হায়াৎ, মাহমুদা চৌধুরী ও আবদুর রহমানকেও সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে ঢাকার ঐতিহ্যবাহী লায়ন সিনেমা হল, আজাদ সিনেমা হল ও মধুমিতা সিনেমা হলকেও সম্মাননা দেওয়া হয়।

আয়োজকেরা জানান, চলচ্চিত্রের সঙ্গে যুক্ত গুণিজনদের অবদান স্মরণ এবং নতুন প্রজন্মের কাছে দেশের চলচ্চিত্রের ঐতিহ্য তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, অভিনেতা আব্দুল আজিজ, অভিনেত্রী দিলারা জামান এবং সিনেমা হল মালিক সমিতির সভাপতি ও মধুমিতা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ।