সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সুনামগঞ্জে হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বৌলাই নদীতে হাউসবোট থেকে পড়ে নিখোঁজের প্রায় ৪০ ঘণ্টা পর এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার ভোরে পিরোজপুর গ্রামের পাশে নদীতে শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মৃত রুকাইয়া নুর (১০) ফরিদপুর জেলার কোতোয়ালি থানার গোলচামট ২ নম্বর সড়ক এলাকার বাসিন্দা ডা. শাহনুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল আনুমানিক ২টার দিকে রুকাইয়াসহ প্রায় ২০ জন পর্যটক ‘সাফিনা এ লাক্সারী ওয়াটার ভিলা’ নামের একটি হাউসবোটে করে মধ্যনগর থেকে যাদুকাটা নদীর উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে বৌলাই নদীর দক্ষিণকুল গোদারাঘাট এলাকায় পৌঁছালে চলন্ত হাউসবোট থেকে হঠাৎ নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। বোটে থাকা ব্যক্তিরা তাৎক্ষণিক খোঁজাখুঁজি করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরবর্তীতে শুক্রবার বিকেল ৪টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ জানান, ভাসমান লাশ উদ্ধারের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।