মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নে বড় সুযোগ

বাসস : জরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়িয়েছে সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের ২৯ অক্টোবর পর্যন্ত মূল কর ও ফি জমা দিয়ে জরিমানা ছাড়া মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ গত রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়েছে, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে জরিমানা ব্যতীত মূল কর ও ফি জমা দিয়ে সব ধরনের মোটরযানের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত শেষবারের মতো বাড়ানো হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সরকারের এ সিদ্ধান্তের ফলে নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা ছাড়া মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে না পারা ব্যক্তি ও প্রতিষ্ঠান নতুন করে সুযোগ পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে মূল কর ও ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে।

সংশ্লিষ্টরা বলছেন, বাড়তি সময়ের মধ্যে যানবাহনের মালিক ও চালকদের প্রয়োজনীয় কাগজপত্র এবং লাইসেন্স নবায়ন করে নেওয়া উচিত।