খাগড়াছড়ি প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপি আওয়ামী লীগের পথে হাটছে।বিএনপি ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত তাদের উপর নিপিড়ন-নির্যাতনের ভুলে গেছে। তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য নিয়োগে বৈষম্য হয়েছে এমন অভিযোগ করে বলেন, সম্প্রতি তিন পার্বত্য জেলা পরিষদ বিএনপি কোটায় গঠন করা করেছে।
মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি সদরের একটি কমিউনিটি সেন্টারে এনসিপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সাংগঠনিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি অভিযোগ করেন তিন পার্বত্য জেলা চেয়ারম্যান ও সদস্য নিয়োগের ক্ষেত্রে শুধু বিএনপির দলীয় লোকদের অগ্রাধিকার দেয়া হয়েছে। যার কারণে এই জেলার সাধারণ মানুষ ও বিভিন্ন সম্প্রদায়ের লোকজন তাদের প্রতিনিধি নিয়োগ থেকে বঞ্চিত হয়েছে। এখানে তাদের অধিকার খর্ব করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তিনি এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে যোগ্যতা ও প্রতিনিধিত্বের ভিত্তিতে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান।
খাগড়াছড়ি এনসিপির আহ্বায়ক নুর আলম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক এস এম সুজাউদ্দীন এবং যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত।
সভায় এনসিপির নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম সম্প্রসারণ এবং জনগণের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা করেন।