মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

৬ দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ

নিজস্ব প্রতিবেদক : গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ও নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণসহ ছয় দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য।

মঙ্গলবার দুপুরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে-জ্বালানি ও সার সংকট নিরসন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ করা।

সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার জানান, লংমার্চে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা নেতৃত্ব দেবেন।
৫ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হয়ে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে গিয়ে শেষ হবে। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একাধিক পথসভা অনুষ্ঠিত হবে।

লংমার্চের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, কর্মসূচি সফল করতে ইতোমধ্যে অভ্যর্থনা, চিকিৎসা, পরিবহন, প্রচার-প্রকাশনা ও স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে দফায় দফায় বৈঠক চলছে।
জনগণের মধ্যেও ব্যাপক সাড়া ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করছি। আমরা আশা করছি, এই লংমার্চে সহস্রাধিক যানবাহন অংশ নেবে এবং মহাসড়ক সংলগ্ন জেলা-উপজেলার সাধারণ মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেবেন।

জনদুর্ভোগ এড়ানোর প্রস্তুতির কথা জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, মহাসড়কের একটি অংশ দিয়ে লংমার্চের বহর চলবে, যাতে অন্য অংশ দিয়ে সাধারণ যান চলাচল স্বাভাবিক থাকে। এরপরও এত বড় কর্মসূচির কারণে কোথাও সাময়িক ভোগান্তি সৃষ্টি হতে পারে-এটি বিবেচনায় নিয়ে আমরা দেশবাসীর কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, এটি একটি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি। কোনো ধরনের উসকানির সুযোগ না দিয়ে দেশবাসী এই লংমার্চ সফল করে তুলবে বলে আমরা বিশ্বাস করি। কর্মসূচি সফল করতে প্রশাসন, রাজনৈতিক দল, গণমাধ্যম ও সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন এবং উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার।