স্পোর্টস ডেস্ক : নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নেপালের দুর্গত মানুষের জন্য প্রার্থনা করেন তিনি।
শরিফুল লিখেছেন, নেপালের জন্য প্রার্থনা করছি। কী হৃদয়বিদারক এক ট্র্যাজেডি! যারা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সবার জন্য প্রার্থনা করছি এবং আরও প্রাণ যেন রক্ষা করা যায়, সেই আশা করছি।
শক্ত থাকো, নেপাল।
নেপালের রাসুয়া জেলায় বুধবার সকালে ভয়াবহ আকস্মিক বন্যা আঘাত হানে।
ভোতে কোশি নদী ও আশপাশের এলাকায় পানি, পাথর ও ধ্বংসাবশেষের স্রোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাসুয়া ও নুওয়াকোটসহ বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, সড়ক, সেতু ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, চীন-নেপাল সীমান্তের কাছে বরফ ও পাথরের ধস লহেন্দে নদীর প্রবাহ আটকে দিয়ে হঠাৎ বন্যার সৃষ্টি করতে পারে। তবে দুর্যোগের সঠিক কারণ নিয়ে তদন্ত এখনও চলছে।
নেপালের পর্যটন বোর্ডের তথ্যানুযায়ী, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা পর্যন্ত ৩৮৪ জন নিখোঁজ ছিল, যাদের মধ্যে ২৯১ জন বিদেশি নাগরিক। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।