বেনাপোল (যশোর) প্রতিনিধি : পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) সরকারি ছুটি থাকায় সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল আজ বুধবার (২৬ আগস্ট) সব আমদানি-রপ্তানি ও কাস্টমস এবং বন্দরের সব কার্যক্রম কার্যক্রম বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের গমনাগমন স্বাভাবিক রয়েছে।
হিজরি ১৪৪৮ সনের ১২ই রবিউল আউয়াল, ইংরেজি ২০২৬ সালের ২৬ আগস্ট। হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম এবং মৃত্যু দিবস, যেটা প্রতি বছর আররি রবিউল আউয়াল মাসের ১২ তারিখে পৃথিবীর সব মুসলমান ইবাদত বন্দেগির মাধ্যমে অতিবাহিত করে থাকেন।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বলেন, ‘সরকারি ছুটি পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে এবং বৃহস্পতিবার যথাক্রমে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রমসহ সব কাস্টমস ও বন্দরের কার্যক্রম চলবে।
বন্দর সংশ্লিষ্টরা বলেন, ভারত থেকে প্রতিদিন ৪০০ থেকে ৪৫০টি পণ্যবাহী আমদানিকৃত ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে।
যার অধিকাংশ বাংলাদেশের রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পের কাঁচামাল। আমদানি কার্যক্রমের মাধ্যমে সরকার এ বন্দর থেকে প্রতিদিন প্রায় ১০ কোটি টাকার রাজস্ব আদায় করে।
বেনাপোল ইমিগ্রেশনের ওসি ফেরদৌস হোসেন খান বলেন, ‘বুধবার (২৬ আগস্ট) সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের গমনাগমন স্বাভাবিক রয়েছে।’
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ডিডি) রুহুল আমিন বলেন, ‘ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রমসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।
কিন্তু এসময়ে আমদানিকৃত পণ্যবাহী ভারতীয় খালি ট্রাক ভারতে ফিরে যেতে পারবে। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে ভারত-বাংলাদেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রমসহ কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম চলবে।’