হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে রোগী ও স্বজনদের নানা অভিযোগ শুনেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। চিকিৎসাসেবার মান, জনবলসংকট ও হাসপাতালের পরিবেশ নিয়ে অভিযোগের পর সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। দায়িত্বে অনুপস্থিত থাকায় রিগান হোসেন নামের এক ফার্মাসিস্টকে তাৎক্ষণিক বদলির নির্দেশও দেন মন্ত্রী।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে গিয়ে সার্জারি বিভাগ, বহির্বিভাগসহ বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি ও হাসপাতালের কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।
পরিদর্শনের সময় এক শিশুর মা মন্ত্রীর কাছে হাসপাতালের সেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, হাসপাতালে ভর্তি থাকার পরও স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। সাত দিন ভর্তি থাকলেও শয্যা না পাওয়ার অভিযোগও করেন তিনি।
রোগীদের অভিযোগ শুনে হাসপাতালের চিকিৎসক ও জনবলসংকট, অপরিচ্ছন্ন পরিবেশ এবং সেবার বিভিন্ন সীমাবদ্ধতার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তিনি সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে অবহেলা ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।
হাসপাতালের সেবার মান দ্রুত উন্নত করার পাশাপাশি দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
এ সময় হাম প্রতিরোধে আগামী তিন সপ্তাহ পর সারা দেশে আবারও টিকাদান কর্মসূচি পরিচালনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। শিশুদের টিকার আওতায় আনার পাশাপাশি অভিভাবকদের সচেতন করার ওপর গুরুত্ব দেন তিনি।
পরিদর্শনকালে জেলা প্রশাসক জিএম সরফরাজ, জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব, ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল হক সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।