রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বাঘাইছড়িতে পাহাড়ধস, অল্পের জন্য প্রাণে বাঁচলেন মা-মেয়ে

মুক্তবাণী রিপোর্ট : রাঙামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি বাড়ি ভেঙে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন মা- মেয়ে।

শনিবার দিনগত মধ্যরাতে উপজেলার মারিশ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তুলাবান এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিনগত মধ্যরাতে ইত্তুকমুয়া চাকমার ঘরের ওপর আকস্মিকভাবে পাহাড় ধসে পড়ে।
এতে ঘরবাড়িসহ পরিবারের সবকিছু ধ্বংস হয়ে যায়। তবে ঘরের ভেতরে থাকা মা এবং মেয়ে ঘুম থেকে উঠে প্রাণ নিয়ে নিরাপদে সরে গেছে।

বর্তমানে ইত্তুকমুয়া চাকমার পরিবারের সহায়-সম্বল বলতে কিছুই নেই। পরিবারের সব জিনিসপত্র এখনো মাটির নিচে চাপা পড়ে আছে।
নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে তারা।

মারিশ্যা ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান আপন চাকমা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পাহাড় ধসে পরিবারটির সব শেষ হয়ে গেছে। মা-মেয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। আমি উপজেলা প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে তাদের, বাসস্থান ও আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছি।

ক্ষতিগ্রস্ত পরিবারটি সরকার ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছে। তারা বলেন, আমাদের এখন মাথা গোঁজার ঠাঁই নেই, খাওয়ার কিছু নেই।

এদিকে টানা বৃষ্টির কারণে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।