রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫

আন্তর্জাতিক ডেস্ক : নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যার পর পঞ্চম দিনের মতো উদ্ধার অভিযান চলছে। বুধবারের এই দুর্যোগে পানি, কাদা ও ধ্বংসাবশেষের প্রবল স্রোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নেপালের দুর্যোগ মোকাবিলা সংস্থার তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত অন্তত ৬৭৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

নিখোঁজদের সন্ধানে নেপালে বড় ধরনের উদ্ধার অভিযান চালানো হচ্ছে। দুর্যোগ মোকাবিলায় ১৮ হাজার ৭০০ জনের বেশি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে নিখোঁজদের সন্ধান এবং আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করছেন তারা।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি-এর তথ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্যায় তিব্বতের গিরং কাউন্টিতে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ও স্থানীয় কর্মকর্তাদের মতে, একটি হিমবাহ ধসে পড়ার পর সৃষ্ট পানির প্রবল স্রোত থেকেই এই ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে।

নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগব্যবস্থা ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার তৎপরতা কঠিন হয়ে পড়েছে। তবে নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

কর্মকর্তারা আশঙ্কা করছেন, দুর্গম এলাকায় আটকে থাকা মানুষের কাছে দ্রুত পৌঁছানো না গেলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।