খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা ও সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন।
রোববার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে
এ উপলক্ষে পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে হবে খাগড়াছড়ি জেলা পরিষদ এ অঙ্গীকার করে বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর প্রতিষ্ঠান নয়। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে এই পরিষদ কাজ করবে। পাহাড়ের মানুষের দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও স্থানীয় উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে পরিষদের কার্যক্রম আরও গতিশীল করা হবে। পরিষদের প্রতিটি সদস্যকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদের জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদী, পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল আল মাহফুজ, নবনিযুক্ত সদস্য এম এন আবছার, মোশারফ হোসেন, অ্যাডভোকেট আব্দুল মালেকম মিন্টু, রুবেল মারমা বক্তব্য রাখেন।
এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ খাগড়াছড়ির সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।