মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়িতে বিজিবির অভিযানে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির সীমান্তবর্তী এলাকা থেকে ১৯ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার রাতে জেলার জানমারাটিলা ডাউন এলাকায় অভিযান চালিয়ে এসব শাড়ি জব্দ করা হয়।
খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ওই এলাকা দিয়ে ভারতীয় চোরাচালানি মালামাল পাচারের তথ্য পেয়ে খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ শাহারিয়ার রাজীবের নির্দেশনায় একটি বিশেষ টহল দল অভিযান চালায়। সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলামের নেতৃত্বে দলটি ডাইনচন্দ্রবাড়ী বিওপি থেকে প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে এবং সীমান্ত পিলার দুটির মাঝামাঝি প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জানমারাটিলা ডাউন এলাকায় যায়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পাহাড়ি জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যায়। পরে রাত ৮টার দিকে ওই এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় শাড়িভর্তি সাতটি বস্তা পাওয়া যায়। বস্তাগুলো খুলে ১৬০টি ভারতীয় সিল্ক ও জামদানি কাতান শাড়ি পাওয়া যায়। জব্দ করা শাড়িগুলোর আনুমানিক সিজার মূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
জব্দ করা মালামাল স্থানীয় শুল্ক গুদামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযানও অব্যাহত থাকবে।