সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

যান চলাচলের জন্য খুলল ধউর-আশুলিয়া সার্ভিস লেন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের তুরাগ নদীর ওপর নির্মিত দুই লেনের দুটি সার্ভিস লেন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। বুধবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, জনগণের সুবিধায় নিচের সড়কের বিকল্প হিসেবে ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত দুই লেনের দুটি সার্ভিস লেন করা হয়েছে। সার্ভিস সেতু দুটি টোলমুক্ত থাকবে। ভবিষ্যতেও এসব সড়কে কোনো টোল নেওয়া হবে না।

মন্ত্রী বলেন, লেন দিয়ে যান চলাচল চালুর পর এই অংশে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ আরো এগিয়ে যাবে।

শেখ রবিউল আলম বলেন, প্রকল্পের মেয়াদ রয়েছে ২০২৮ সালের জুন পর্যন্ত। এরই মধ্যে প্রকল্পের ৭২ শতাংশ কাজ শেষ হয়েছে। প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো সমাধান করা হয়েছে। এখন কাজের গতি আরো বাড়ানো হবে।