রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দুইদিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হেলিকপ্টারে করে তিনি ঢাকা থেকে রওনা হয়ে ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অবতরণ করেন দুপুর ১টার দিকে।
পরে রাষ্ট্রপতি জেলা সার্কিট হাউসে যান। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়ার কথা রয়েছে।

দুই দিনের এই সরকারি সফরকে ঘিরে ঠাকুরগাঁওজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলো সাজানো হয়েছে তোরণ ও আলোকসজ্জায়।
একই সঙ্গে রাষ্ট্রপতির নিরাপত্তায় জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা।

সফরের প্রথম দিনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেনুয়া কবরস্থানে তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন।
পরে নাগরিক সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর নিজ জেলায় এটিই তার প্রথম সফর। ফলে তাকে একনজর দেখতে এবং বরণ করে নিতে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।