রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সাভারের আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত আলতাফ হোসেন (৫৮) এসবির ঢাকার মালিবাগ জোনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার রাত ৮টার দিকে সাভারের আমিনবাজারের বড়দেশি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আলতাফ হোসেনের ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হন।

নিহত আলতাফ হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সাভার থানাধীন আমিনবাজারের বড়দেশি মদিনা হাউজিং এলাকায় একটি গেঞ্জি কারখানার সামনে প্রাইভেটকার রাখা নিয়ে আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুলের সঙ্গে ১০ থেকে ১৫ জনের ঝামেলা হয়। একপর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়।

পরে রাত সাড়ে ৯টার দিকে আলতাফ হোসেন ও তার ছেলেকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম সাংবাদিকদের বলেন, এক এসবি সদস্যকে আমিনবাজার এলাকায় পিটিয়ে হত্যা করেছে। বিস্তারিত পরে জানাব।