নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে তিন কারাবন্দির মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৭টা ২৫ মিনিট থেকে ৯টা ৫ মিনিটের মধ্যে মারা যান তারা।
মৃতরা হলেন ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের কারাবন্দি আবুল বাশার (৫৮), আব্দুল কাইয়ুম (৬২) এবং মোঃ শাহাদত হোসেন লিটন (৫২)।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে রবিবার সকালে কারাবন্দি আবুল বাশারকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ৭টা ২৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
আবুল বাশার চাঁদপুরের কচুয়ার লক্ষ্মীপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে। কচুয়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় বন্দি ছিলেন তিনি।
একইদিন অসুস্থ অবস্থায় ঢামেকের জরুরি বিভাগে আনা হয় বন্দি আব্দুল কাইয়ুমকে। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সকাল ৯টা ৫ মিনিটে মৃত ঘোষণা করেন। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গোলাই করা পদাবাজার গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে।
এর আগে ২৮ আগস্ট শাহাদত হোসেন লিটন নামে এক বন্দিকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল পৌনে ৯টায় মারা যান তিনি। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মামলায় বন্দি ছিলেন তিনি। শাহাদত হোসেন খুলনা জেলার দৌলতপুর থানার পাবলা গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।
এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ হাবিবুর রহমান। তিনি বলেছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।