আন্তর্জাতিক ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকনির্দেশনায় দুই দেশ একসঙ্গে কাজ করবে এবং মতপার্থক্যগুলো সামলাবে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সু ফেইহুং।
এনডিটিভি লিখেছে, শনিবার অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নিতে চীনের প্রেসিডেন্টের ভারত সফরের কয়েক ঘণ্টা আগে তিনি এ মন্তব্য করেন। এ সফরকালে ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে শি’র।
চীনা রাষ্ট্রদূত জানিয়েছেন, দুই নেতার মধ্যে বৈঠকের আয়োজন করা হচ্ছে।
শুক্রবার রাতে এক্স পোস্টে সু লিখেছেন, “প্রেসিডেন্ট শি ও প্রধানমন্ত্রী মোদীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করছে চীন ও ভারত।”
২০২০ সালের সফরের পর এবারই প্রথম ভারত সফরে যাচ্ছেন শি। ভারতের প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণে ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বেইজিং ছেড়েছেন তিনি।ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেন, “কাজান ও তিয়ানজিনের বৈঠকের পর দুই নেতার মধ্যে টানা তৃতীয় বছরের মতো সাক্ষাৎ হতে যাচ্ছে।”
তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা ও মতপার্থক্য সামলানোসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের সঙ্গে কাজ করবে চীন।
সু এক্স পোস্টে লিখেছেন, “দুই নেতার কৌশলগত দিকনির্দেশনা বাস্তবায়নে চীন ভারতের সঙ্গে কাজ করবে, কৌশলগত উচ্চতা ও দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে দ্বিপক্ষীয় সম্পর্ক পরিচালনা করবে, যোগাযোগ বাড়াবে, সহযোগিতা জোরদার করবে, মতপার্থক্যগুলো যথাযথভাবে সামলাবে এবং ভালো প্রতিবেশী হিসেবে বন্ধুত্ব উপভোগ করবে ও একে অপরের সফলতায় সহায়তা করার অংশীদার হবে।”
২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সেনাদের সংঘর্ষের পর এবারই প্রথম ভারত সফরে যাচ্ছেন শি জিনপিং। ওই সংঘর্ষের ফলে কয়েক মাস দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছিল। এরপর ভারত-চীন সম্পর্কের বরফ গলতে শুরু করে। রাশিয়ার কাজান ও চীনের শি ও মোদীর বৈঠক হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, চীনের প্রেসিডেন্ট ইতোমধ্যে বেইজিং ছেড়েছেন। ভারতী সময় দুপুর সোয়া ১২টায় তার নয়াদিল্লিতে পৌঁছানোর কথা রয়েছে।
শি জিনপিংয়ের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিটিক্যাল ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং সিপিসি কেন্দ্রীয় কমিটির জেনারেল অফিসের পরিচালক ছাই ছি এবং সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
এদিন বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৬টায় মোদী ও শি’র দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং ব্রিফিংয়ে বলেছেন, কাজান ও তিয়ানজিনে বৈঠকের পর টানা তৃতীয় বছর দুই নেতা বৈঠকে বসতে যাচ্ছেন।
শনি ও রোববার নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলনের আয়োজন করছে ভারত।