শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান

বগুড়া প্রতিনিধি : বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ ভালো নেই, তারা কষ্ট পাচ্ছে, দেশও ভালো নেই। বিদ্যুৎ ও সারের সংকট চরমে পৌঁছেছে।
আমরা জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলার চেষ্টা করছি কিন্তু সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না। তাই বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি।

শনিবার সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামের একটি স্থানীয় মাদ্রাসা মাঠে সংক্ষিপ্ত বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

এর আগে সকালে ডা. শফিকুর রহমান একই গ্রামের ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিচিত আব্দুল মালেকের কবর জিয়ারত করেন।
এ সময় তিনি ফাতিহা পাঠ করেন এবং দোয়া করেন।

কবর জিয়ারত শেষে স্থানীয় মাদ্রাসায় আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন জামায়াতে ইসলামীর আমির।

ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সকাল থেকেই মাদ্রারাসা মাঠে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন। মানিকপোটল (মরিচতলা) গ্রামে পৌঁছালে স্থানীয় লোকজন তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার রাতে বগুড়ায় পৌঁছে সার্কিট হাউসে রাত্রিযাপন করেন ডা. শফিকুর রহমান। শনিবার ভোর সোয়া ৫টার দিকে তিনি সার্কিট হাউস থেকে ধুনটের উদ্দেশে রওনা হন।