চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ১০টি ককটেল এবং বিপুল পরিমাণ বিস্ফোরক পাউডার জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র্যাব)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র্যাব।
র্যাব জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মহারাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের এসমা কলেজপাড়ার একটি আমবাগানে অভিযান চালায়। এসময় আমবাগানে তল্লাশি চালিয়ে র্যাব-৫-এর বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল, ২.৮ কেজি গান পাউডারের মতো গুঁড়া পদার্থ এবং ২.১৫০ কেজি কালো বারুদের পাউডার পাওয়া যায়।
তবে এসময় কাউকে গ্রেপ্তার করতে পারেনি র্যাব।
র্যাব আরও জানায়, ধারণা করা হচ্ছে, এলাকায় বড় ধরনের কোনো নাশকতা সৃষ্টির লক্ষ্যে দুর্বৃত্তরা এসব বিস্ফোরক সেখানে জমা করে রেখেছিলেন।
জব্দ করা আলামত চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।