বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি, কিছু কাজ করা : মিন্টু

লক্ষ্মীপুর প্রতিনিধি : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, আমাদের রাজনীতিবিদদের কাজ হলো বক্তৃতা দেওয়া। সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা, এক তালে যাবে না এটা। তবে আমরা চাই, বর্তমান প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সমাজটা পরিবর্তন হোক। যে সমাজে আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে এমন একটা জীবন কাটাতে পারবে-যেটা তাদের জন্য হবে অর্থবহ।

মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুরে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

দুর্নীতি দমনে সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য করে আব্দুল আউয়াল মিন্টু বলেন, আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে সমাজ ও দেশের উন্নয়নের জন্য, এর মধ্যে আর্থ-সামাজিক উন্নয়নও রয়েছে। এছাড়া রয়েছে দুর্নীতি দমন। দুর্নীতি কে করে আমি জানি না। তবে দুর্নীতি আমাদের সমাজে হয়। দুর্নীতি করলে আমি আপনাদের (সরকারি কর্মকর্তা) মাধ্যমেই করব।

উদাহরণ তুলে ধরে মন্ত্রী বলেন, ধরেন আমি যদি কোনো কন্ট্রাক্টরের কাছ থেকে পয়সা নিই, আপনাদের মাধ্যমেই নেব। এজন্য আমি অনুরোধ করব, যতক্ষণ আমরা দুর্নীতি প্রতিরোধ করতে না পারি, চেষ্টা চালিয়ে যাব। দুর্নীতি সব সময় থাকবে, কম আর বেশি নিয়ে কথা। দুর্নীতি প্রতিরোধ আমাদের প্রধান দায়িত্ব।

জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ এর শাহাদাত হোসেন সেলিম ও জেলা পুলিশ সুপার মো. আবু তারেক প্রমুখ।