স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসে বাংলাদেশের নারী ক্রিকেট দলের ব্যর্থতার পর প্রধান কোচ সারওয়ার ইমরানের মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। কোচের করা মন্তব্যের বিষয়ে তাকে ব্যাখ্যা দিতে হবে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার ব্রোঞ্জ পদকের লড়াইয়ে পাকিস্তানের কাছে ৩১ রানে হেরে এশিয়ান গেমস থেকে পদকশূন্য হয়ে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
ম্যাচ শেষে সারওয়ার ইমরান বলেছিলেন, ‘আমরা একটি টুর্নামেন্ট খেলছি, আর আপনারা প্রধান কোচ ও অধিনায়ককে সাইজ করে দিয়েছেন।
তাহলে কীভাবে ভালো কিছু আশা করেন?’
সারওয়ারের এমন মন্তব্য ভালোভাবে নেননি রফিকুল। তার মতে, কোনো দল প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারলে কোচ ও অধিনায়ককে প্রশ্নের মুখে পড়তে হয়।
রফিকুল বলেন, ফুটবল হোক কিংবা ক্রিকেট কোনো দল প্রত্যাশিত ফল দিতে ব্যর্থ হলে কোচ ও অধিনায়কের ওপর দায় আসে। বড় টুর্নামেন্টে খারাপ ফলের পর কোচের চাকরি যায়, অধিনায়ক পরিবর্তন হয়।
এতে নতুন কিছু নেই।
এশিয়ান গেমসের আগে থেকেই বাংলাদেশের নারী ক্রিকেটে নানা আলোচনা চলছিল। টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানিয়ে বিসিবিতে ই-মেইল করেছিলেন নিগার সুলতানা জ্যোতি। বিষয়টি প্রকাশ্যে আসার পর রফিকুল জানিয়েছিলেন, জ্যোতির এমন সিদ্ধান্তে তিনি বিব্রত হয়েছেন।
এর আগে এশিয়ান গেমস চলাকালেই কোচিং স্টাফে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন নারী উইংয়ের চেয়ারম্যান। ইমরানের চুক্তির মেয়াদ অক্টোবরে শেষ হওয়ার পর তা আর নবায়ন করা হবে না বলেও তিনি জানিয়েছিলেন। তার জায়গায় সাবেক বাংলাদেশ ব্যাটিং কোচ ডেভিড হেম্পকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান রফিকুল। ব্যাটিং কোচ নাসিরউদ্দিন ফারুকের অবস্থান নিয়েও পরিবর্তনের আভাস দিয়েছিলেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারিয়ে নিজেদের সেরা সাফল্য পেয়েছিল বাংলাদেশ নারী দল। তবে এরপর নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দলটি।
সাম্প্রতিক ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলে রফিকুল বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করা দলটি নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসে খেলেছে কি না, সেটিই যেন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দলের স্বার্থেই টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফে পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি।